মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে চিঠিটি পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডলে চিঠিটি প্রকাশ করে।
চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বিজয়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদকালের সফলতা কামনা করেন ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
ট্রাম্প লেখেন, পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করা সম্ভব হবে এবং এতে উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা উপকৃত হবেন।
প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।
চিঠিতে ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী করতে তিনি কাজ করতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন–এর ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
চিঠির শেষে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে উভয় দেশের জনগণের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট এবং তারেক রহমানের আগামীর জন্য শুভকামনা জানান।