রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের মধ্যস্বত্বভোগীও থাকবে না।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড চালু হলেও বর্তমানে চলমান ভাতাগুলো অব্যাহত থাকবে। নতুন কর্মসূচি বিদ্যমান সহায়তা ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে না।
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ঈদের আগেই পাইলট ভিত্তিতে কর্মসূচি চালুর চেষ্টা চলছে। কতজন উপকারভোগী থাকবেন এবং কত দ্রুত বাস্তবায়ন করা যাবে, সে বিষয়ে দুই–এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
প্রথম পর্যায়ে হতদরিদ্রদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোন জেলায় কতজন উপকারভোগী থাকবেন, তা এখনো নির্ধারিত হয়নি। তবে পূর্ববর্তী একটি জরিপের ভিত্তিতে কয়েকটি জেলার নির্দিষ্ট উপজেলাকে সম্ভাব্য এলাকা হিসেবে বিবেচনায় রাখা হয়েছে।
ফ্যামিলি কার্ডের আওতায় কী ধরনের সুবিধা থাকবে— এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান, বিশেষ করে নারীদের নগদ অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। চূড়ান্ত কাঠামো নির্ধারণের পর বিস্তারিত জানানো হবে।